গণজাগরণ মঞ্চের স্বস্তি

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১২:১৭
 
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল  ও আলবদর কমান্ডার মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করায় স্বস্তি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। ফাঁসি কার্যকরের খবরে গতকাল শনিবার বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। এছাড়া ফাঁসি কার্যকরের খবরে দেশের বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
 
গতকাল বিকেল ৫টা থেকে শাহবাগে কেন্দ্রীয় জাদুঘরের সামনে তারা সমাবেশ শুরু করেন। এছাড়া সন্ধ্যায় ’৭১’র বীর শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন? কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়। ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত রাস্তায় ছিলেন তারা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘অনেক আগেই এই ফাঁসি কার্যকর হওয়া উচিত্ ছিল। তারপরও দেরিতে হলেও আমরা খুশি। অবিলম্বে অন্য দণ্ডপ্রাপ্তদের দণ্ড কার্যকর করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানায়। দ্রুততম সময়ের মধ্যে বিচারাধীন যুদ্ধপরাধীদের বিচারকাজ শেষ করারও দাবি জানাচ্ছি।