চাটখিলে রোগীর শ্লীলতাহানির অভিযোগে স্বাস্থ্য সহকারী গ্রেফতার, তদন্ত কমিটি গঠন

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৪

নোয়াখালীর ৫০ শয্যা বিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার রাতে এক মহিলা রোগীকে শ্লীলতাহানির অভিযোগে জরুরি বিভাগে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে আনোয়ারকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচঘরিয়া গ্রামের এক রোগীকে (২২) চিকিত্সার জন্য হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিত্সক আলমগীর হোসেন, আবাসিক মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম নয়ন ছিলেন না। এ সুযোগে স্বাস্থ্য সহকারী আনোয়ার ওই নারীকে জরুরি বিভাগের ভিতরের কক্ষে নিয়ে রোগীর বিছানায় চিকিত্সার অজুহাত দেখিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। পরে রোগী চিত্কার করলে আনোয়ার পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় আনোয়ারকে জনতা আটক করে খরব দেয়।

ভুক্তভোগীর বাবা এ ব্যাপারে থানায় একটি মামলা করেছে। থানার অফিসার ইনচার্জ এ এস এম শামছুদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে আনোয়ারকে কোর্ট হাজতে প্রেরণের কথা জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাক আহেম্মদ জানান, এ ঘটনায় তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি আজ (শনিবার) এ ব্যাপারে জেলা সিভিল সার্জনের নিকট প্রতিবেদন জমা   দেবেন। সিভিল সার্জন পরবর্তীতে ব্যবস্থা নেবেন।