বিদ্যুতের কারণে বান্দরবানে পানি সরবরাহ ব্যবস্থা অচল

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১২:১৩
 
বান্দরবানে পৌর শহরে প্রায় পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। ঘনঘন লোডশেডিং এবং লো-ভোল্টেজের কারণে একসপ্তাহ ধরে বান্দরবানে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রয়েছে। পানির জন্য হাহাকার তৈরি হয়েছে শহরে। জনস্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে মাত্রাতিরিক্ত বৈদ্যুতিক লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে বান্দরবান পানি শোধনাগারের সাবমার্সিবল পাম্প বিকল হয়ে যায়। যার ফলে শহরে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা যাচ্ছে না। এতে বিভিন্ন মহল ও পানির গ্রাহকরা নিয়মিত পানি সরবরাহের জন্য চাপ প্রয়োগ করছেন।
 
পৌর শহরের আর্মিপাড়ার বাসিন্দার শাফায়েত হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন এলাকায় কোন পানি সরবরাহ করা হচ্ছে না। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। পৌর পানি সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী (তত্ত্বাবধায়ক) মো. মনজেল হোসেন জানান, স্ট্যান্ডবাই মোটরের ব্যবস্থা থাকায় আপাতত পানি সরবরাহ চালানো হচ্ছে। শিগগিরই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানান তিনি। এবিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন জানান, জরুরিভিত্তিতে পাম্পগুলোর মেরামত কাজ সম্পন্ন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেরামত কাজের বরাদ্দের অনুরোধপত্র পাঠানো হয়েছে। সাধারণত বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলে পানি সরবরাহ ব্যবস্থা কখনোই বিঘ্নিত হয় না। প্রসঙ্গত বান্দরবান পৌর এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় তিন হাজার বান্দরবান পৌর পানি সরবরাহের গ্রাহক রয়েছেন।