লক্ষ্মীপুরের রামগতিতে দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মো. ইস্রাফিল সজিব (২২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার পোড়াগাছা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আনোয়ারুল হকের ছেলে সালাউদ্দিন, মাইনউদ্দিন, মো. সোহরাব এবং আবদুল হালিমের ছেলে বাচেত ও কালাম। গুরুতর আহত সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাচেতকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। নিহত ইস্রাফিল ওই এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় সালাউদ্দিন জানান, তার পিতা আনোয়ারুল হক থেকে ইস্রাফিল আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে নতুন রাস্তার মাথা এলাকায় একটি খাস জায়গার দখল কিনে নেন। রবিবার ইস্রাফিল ওই জায়গাতে দুটি দোকানঘর নির্মাণ করেন। আজ সকালে ওই এলাকার আবদুল হালিমের ছেলে আবদুল বাচেত, কালাম ও জাহের ওই জায়গা দাবি করে ১২-১৪ জন লোক নিয়ে দোকানগুলো ভাঙচুর করে জায়গাটি দখলে নেয়ার চেষ্টা করেন। এতে ইস্রাফিল বাধাঁ দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সজীব, তার ভাই এবং অপর পক্ষের বাচেত ও কালাম আহত হন। ইস্রাফিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিসিত্সক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, সকালে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম নিয়ে ইস্রাফিল ভর্তি হন। পরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
রামগতি থানার এস আই মানিক বড়ুয়া জানান, জায়গা নিয়ে বিরোধের জের ধরে ইস্রাফিল ও বাচেতের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইস্রাফিল গুরুতর আহত হয়ে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
