‘যুক্তরাষ্ট্রের অসম্মতির কারণেই ট্রাম্প-কিম বৈঠক সফল হয়নি’

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কিম জং উন উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ পুরোপুরি নয় আংশিক প্রত্যাহারের দাবি করেছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্র এতে রাজি হয়নি বলেই আলোচনা সফল হয়নি। এমন কথাই বলেছেন উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো।

হো বলেন, ‘তার দেশ খুবই বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছিল। যার মধ্যে ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি পুরোপুরি নিষ্ক্রিয় করার প্রস্তাব ছিল। এর বদলে উত্তর কোরিয়া কেবল আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছিল। এই অবরোধের কারণে বেসামরিক অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি আরো বলেন, পরবর্তী সময়ে হ্যানয় শীর্ষ সম্মেলনের মতো একটি সুযোগ পাওয়া কঠিন হবে। আমাদের প্রস্তাব কখনোই পাল্টাবে না, এমনকি যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার আলোচনায় বসতে চায়।’

তবে ট্রাম্প প্রশাসন জোর দিয়ে বলছে যে উত্তর কোরিয়া পুরোপুরি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। ওই বৈঠকের পর হ্যানয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কিম বলেছেন তিনি ইয়ংবিয়ন পারমাণবিক চুল্লি নিষ্ক্রিয় করতে ইচ্ছুক। এটিই উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্পের সবচেয়ে বড় চুল্লি। তবে এটি নিষ্ক্রিয় তিনি করবেন, যদি যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর অবরোধ তুলে নেয়, যা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। হো বলেন, বৈঠকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আংশিক অবরোধ প্রত্যাহারের দাবি করা হয়েছিল।

পুরোপুরি প্রত্যাহার নয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র কী করতে চাইছে, তা পরিষ্কার ছিল না। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্র আরো আলোচনা চাইলেও পিয়ংইয়ংয়ের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। গতকাল বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই হঠাত্ করে শেষ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় দফা সম্মেলন।

গত বুধবার বেশ ঢাক-ঢোল পিটিয়ে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেন ট্রাম্প আর উন। দুই দিনব্যাপী ওই বৈঠকে কেনো সমঝোতা হলো না। এর আগে গত জুনে সিঙ্গাপুরে প্রথম সম্মেলন করেন ট্রাম্প-কিম। সেই সময় পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হয় উত্তর কোরিয়া। দেশটি নিরস্ত্রীকরণ কার্যক্রম শুরু করেছিল। দ্বিতীয় সম্মেলনে চূড়ান্ত কোনো চুক্তি হবে— এমনটাই আশা করছিল হোয়াইট হাউস। তবে সব প্রত্যাশার অবসান ঘটিয়ে দ্বিতীয় বৈঠকও কার্যত ব্যর্থ হলো।