নির্বাচনে জয়ের জন্য যুদ্ধ চাই না :মমতা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:১০

যুদ্ধের আবহে দেশ যখন সরগরম, তখন সরাসরি শান্তির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘রাজনীতির ফায়দা নেওয়া আর নির্বাচনে জেতার জন্য যুদ্ধ আমরা চাই না। আমরা শান্তি চাই।’

পুলওয়ামা কাণ্ডের পরে পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর অতর্কিত হানা এবং তার পর থেকেই যেভাবে গোটা দেশে কার্যত যুদ্ধ-পরিস্থিতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার সরাসরি তা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘প্রথমদিন থেকেই শুনছি, শত্রুপক্ষের ৩০০-৩৫০ লোক মারা গিয়েছেন। কত কী, আদৌ কেউ মারা গিয়েছেন কি-না, আমরা জানতে চাই। আরও জানতে চাই, বোমা কোথায় ফেলা হয়েছিল, আদৌ বোমা ঠিক জায়গায় পৌঁছেছিল কি-না।’

এ প্রসঙ্গে বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘তারা বলছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। বোমাটা অন্য জায়গায় পড়েছে, মিস হয়েছে। মানুষ মারা যায়নি। কেউ বলছে একজন মারা গিয়েছেন। তো সত্যটি কী, এটা তো মানুষ জানতে চাইতেই পারে। আমরা বাহিনীর সঙ্গে রয়েছি। কিন্তু বাহিনীকে সত্যি কথাটা বলার সুযোগ দেওয়া উচিত। দেশের লোকেরও সত্যিটা জানা উচিত।’ খবর আনন্দবাজার পত্রিকার

বুধবারই দিল্লিতে বিরোধী দলগুলোর বৈঠক সেরে এসেছেন মমতা। সেখানেও জাতীয় ইস্যু নিয়ে ‘সংকীর্ণ রাজনীতি’ করার জন্য আঙুল তোলা হয়েছে শাসক দল বিজেপির দিকে। এ দিনও তার অভিযোগ, পুলওয়ামার ঘটনা এবং তার পরে ভারতীয় বিমানবাহিনীর প্রত্যাঘাত, কোনো কিছু নিয়েই  প্রধানমন্ত্রী বিরোধী দলগুলোর সঙ্গে আজ পর্যন্ত একটি বৈঠকও করেননি। মমতা বলেন, ‘দেশের পক্ষে আমরা সবাই। দেশমাতৃকাকে আমরা সবাই ভালোবাসি। জওয়ানদের রক্তে রাজনীতি করা আমরা ভালোবাসি না। জওয়ানদের রক্তের দাম অনেক বেশি। তারা আমাদের গর্ব। তারা সীমান্তে লড়াই করেন। কিন্তু ভোট বাক্সে ভোটের ফায়দা তোলার জন্য তাদের নিয়ে রাজনীতি করে কেউ কেউ। এটার নিন্দা করি।’