ভারতের ২০১৫-১৬ অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে। ২০১৫ ও ২০১৬ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে হবে ৭ দশমিক ৫ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার এই পূর্বাভাস দিয়েছে।
সংস্থাটি বলেছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৪ সালের ৭ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২০১৫ ও ২০১৬ উভয় বছরে হবে ৭ দশমকি ৫ শতাংশ। ফলে ১৯৯৯ সালের পর প্রথমবারের মতো ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে। ২০১৫ ও ২০১৬ অর্থবছরে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে হবে ৬ দশমিক ৮ শতাংশ।
বিশ্বব্যাংকও পূর্বাভাস দিয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৫ সালে বেড়ে হবে ৭ দশমিক ৫ শতাংশ। সংস্থাটি এও বলেছে, বিনিয়োগ বাড়ার ফলে ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি ৮ শতাংশে পৌঁছাতে পারে।
IMG0
আইএমএফ আরো বলেছে, ভারত ২০১৫ ও ২০১৬ সালে দ্রুত ক্রমবর্ধমান উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে যাবে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৪ সালে ছিল ৭ দশমিক ৪ শতাংশ। এটি হ্রাস পেয়ে ২০১৫ সালে ৬ দশমিক ৮ শতাংশ ও এর পরের বছর ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে আইএমএফ পূর্বাভাস দিয়েছে।-বাসস।
