ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, ‘প্রতিদিন নতুন এলাকায় যাচ্ছি, মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। দিন যত যাচ্ছে ততই নির্বাচনী প্রচারণা উত্সব মুখর হচ্ছে। মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসছে। তাদের কথা শোনার চেষ্টা করছি। নগরবাসীর অভিযোগ জানার চেষ্টা করছি।’ বুধবার নির্বাচনী জনসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান সরকারি দল সমর্থিত প্রার্থী আনিসুল হক। সকালে রাজধানীর বনশ্রী মডেল স্কুল থেকে তার প্রচারণা শুরু করেন। এরপর রামপুরা, কালিগঞ্জ, হাজীপাড়া, চৌধুরীপাড়া হয়ে মহানগর প্রজেক্ট এলাকায় ভোটারদের কাছে যান তিনি। এরপর বিকেলে কৃষবিদি ইনস্টিটিউশনে যুবলীগের সাথে মতবিনিময়ে অংশ নেন। সন্ধ্যায় নাখালপাড়া হয়ে সর্বশেষ রাতে উত্তরা ১২ নং সেক্টরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। জনসংযোগকালে আনিসুল হক উপরের কথাগুলো বলেন। কর্মী-সমর্থক ছাড়াও আনিসুল হকের সাথে তার স্ত্রী রুবানা হক ও পুত্র-কণ্যারা অংশ নেন।
