১ মামলায় ফখরুলের ৬ মাসের জামিন, তিনটিতে রুল

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৮:৩০
 
 
 
 
 
গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এ ছাড়া, একই অভিযোগে আরো তিনটি মামলায় ফখরুলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে এ বিষয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে।
হরতাল-অবরোধ পালনকালে গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের অভিযোগে রাজধানীর পল্টন থানার তিনটি এবং মতিঝিল থানার একটি মামলায় নিন্ম আদালত ফখরুলের জামিন আবেদন খারিজ করে দেয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিয়ন। বৃহস্পতিবার আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির শুনানিতে অংশ নেন। শুনানি শেষে পল্টন থানার একটি মামলায় জামিন মঞ্জুর করলেও অপর তিন মামলায় রুল জারি করে হাইকোর্ট।