ইউক্রেনে রুশপন্থী সাংবাদিককে গুলি করে হত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৯:৪৮
 
রুশপন্থী হিসেবে পরিচিত এমন একজন সাংবাদিককে ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলি করে হত্যা করা হয়েছে। ওলেস বাজইয়ানা(৪৫) নামের ওই সাংবাদিককে চলন্ত গাড়ি থেকে গুলি করা হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন হেরাসচেনকো গুলি করে হত্যার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। খবর- বিবিসির।
 
ওলেস বাজইয়ানা গত বছর দেশটির রুশপন্থী একটি দলের পক্ষ থেকে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের একজন সহযোগীকে রাজধানীতে গুলি করে হত্যার পর একই কায়দায় এই হত্যাকাণ্ড ঘটল। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুইটি হত্যাকাণ্ডের ভেতর সম্পর্ক রয়েছে বলে তার বিশ্বাস। কারণ এই দুইজনই গত বছর ভিক্টর ইয়ানোকোভিচকে উৎখাত করার আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন।
 
হত্যাকাণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হলে একটি সরাসরি সম্প্রচারকৃত টিভি অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, 'দেশটিতে গুপ্তহত্যার এটাই একমাত্র ঘটনা নয়। ইউক্রেনে ধারাবাহিকভাবে এধরনের ঘটনা ঘটে আসছে।'