লক্ষ্মীপুরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে চন্দ্রগঞ্জ থানার বড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে গুলিবিদ্ধ এক সন্ত্রাসী পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে এ সময় একটি দো-নলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশের এএসপি ( হেড কোয়ার্টার) জুনায়েদ কাউছার জানায়, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বড়ালিয়া গ্রামের রাজ কামাল খান নামক এক ব্যবসায়ীর পরিত্যক্ত বাড়ীতে একদল সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে প্রায় অর্ধশতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
