চাদা না দেয়ায় রাজধানীর মালিবাগে দুই পানি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আহতরা হলেন—দীপক চন্দ্র ভৌমিক (২৪) এবং সজীব দাস (২৩)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে ২৬০/২ নম্বর মালিবাগ মোড়ে এ ঘটনা ঘটে। মালিবাগে তাদের এসডি পিওর ওয়াটার নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তারা ওই এলাকায় বোতলজাত পানির ব্যবসা করেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান—দুপুর আড়াইটার দিকে স্থানীয় সন্ত্রাসী অলিউল্লাহ রুবেল, শেখ ফরিদ, রাজু আহমেদ ও ট্যাগরা সোহেলসহ ৫-৬ জন তাদের দোকান থেকে একটু দূরে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে তাদের দুজনকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে চিত্কার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত সজীব দাস জানান—দীপক আর তিনি মিলে ওই পানির ব্যবসা করে আসছেন। কিছু দিন আগে স্থানীয় সন্ত্রাসীরা তাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় ব্যবসা বন্ধ করার হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে গত ১৬ এপ্রিল শাহজাহানপুর থানায় একটি জিডিও করা হয়, যার নম্বর ৬৬৩। এতে তারা ক্ষিপ্ত হয়ে চাঁদা না পেয়ে তাদের ওপর হামলা চালায়।
