ভোটার কম হবার পেছনে পাঁচটি কারণ ছিল :কাদের

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে পাঁচটি কারণ তুলে ধরে বলেছেন, ভোটের দিন ছুটি ছিল। অনেক ভোটার গ্রামের বাড়ি চলে গেছেন। বড় একটি দল অংশ নেয়নি। দিনের শুরু থেকে বৃষ্টির বাগড়া ছিল। তা ছাড়া এটা একটি উপ-নির্বাচন। ভোটারদের উপস্থিতি কম হবার কারণ মূলত এগুলো।

তিনি বলেন, তারপরও ২০০১ সালে সাদেক হোসেন খোকা যে নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছিলেন, তার চেয়ে ভালো ভোট হয়েছে। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ২০০১ সালে ১০ ভাগ ভোট নিয়ে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার এত কিছুর পরেও তুলনামূলক উপস্থিতি অনেক বেশি। বিএনপির ভোটে অংশ না নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সুবিধা বুঝে বিএনপি নির্বাচন করে। এর আগে তারা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিল। তখন চারটি সিটি করপোরেশনে তারা জিতেছিল। তাতে তো আকাশ ভেঙে পড়েনি। ওবায়দুল কাদের বলেন, রাজনীতি জোয়ার-ভাটার মতো। আজ আমরা আছি, কাল না-ও থাকতে পারি। একটি রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকবে, এমন অহংবোধ থাকা উচিত নয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ ীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।