স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিজস্ব রাজনৈতিক দলের প্রতীক বরাদ্দ ও ব্যবহারের সুযোগ কেন দেয়া হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে যে কোনো ধরনের স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ও পরিচয় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত চারটি বিধিমালার এ বিধি কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
স্থানীয় সরকার সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত পৃথক পৃথক আচরণ বিধিমালায় বলা হয়েছে যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থী নিজ ছবি বা প্রতীক ছাড়া কোনো রাজনৈতিক দলের নাম বা কোনো ব্যক্তিত্বের ছবি ব্যবহার করতে পারবেন না।
