চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মক্কার বলীখেলার ১৩৬তম আসর সোমবার মাদার্শা ইউনিয়নের বাবুনগর গ্রামে পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর ৭ বৈশাখ এ বলী খেলা অনুষ্ঠিত হয়। এবারের বলী খেলায় ৬২ জন বলী প্রতিদ্বন্দ্বিতা অংশগ্রহণ করেন। এতে যৌথভাবে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছেন উখিয়ার সামশু বলী ও রামুর দিদার বলী।
সাতকানিয়া উপজেলার ঔতিহ্যবাহী মক্কার বলী খেলায় টেকনাফ, কক্সবাজার, রামু, মহেশখালী, বাঁশখালী, বান্দরবান, লোহাগাড়া, বাজালিয়া এলাকার বলী ছিল এবার।
মক্কার বলী খেলা উপলক্ষ্যে সপ্তাহব্যাপী চলছে গ্রামীণ পণ্যের মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে মৃৎ শিল্পীরা এসেছিল পসরা নিয়ে। বলী খেলা ছিল মূল আকর্ষণ। বিকাল ৪টার সময় আয়োজকরা ঢোল তবলা নিয়ে বাজনার তালে তালে মাঠে প্রবেশ করেন।
IMG0
মেলা কমিটির সভাপতি নাজিমুল আলম চৌধুরী নাজু বলেন, ১৩৫ বছর আগে তার দাদা জমিদার মো. আবদুল কাদের বকশ চৌধুরী বাঙালি ঐতিহ্য ও কৃষ্টি ধরে রাখার জন্য এ মেলার আয়োজন করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিবছর বৈশাখের ৭ তারিখ এ বলী খেলা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
