বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পুলিশের নিরাপত্তা না নেয়ায় গুলশান থানায় জিডি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগ থেকে এই জিডি করা হয় গত ৬ এপ্রিল। এ ব্যাপারে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বেগম খালেদা জিয়া রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নিরাপত্তার জন্য দুই দফা চিঠি দেয়া হয়েছিল। কিন্তু তিনি নিরাপত্তা নিতে চাননি। এ বিষয়টি অবগত করে পুলিশের পক্ষ থেকে গুলশান থানায় জিডি করা হয়।
ডিএমপি’র প্রটেকশন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বকশী বাজারে বিশেষ আদালতে মামলার হাজিরা দিয়ে গুলশানে তার বাড়িতে ফেরেন। এরপর ডিএমপি’র প্রটেকশন শাখা থেকে তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে উল্লেখ করে তার চলাফেরার জন্য পুলিশি নিরাপত্তা নেয়ার অনুরোধ করা হয়। চিঠি পেয়ে সিএসএফের (চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স) প্রধান কর্নেল (অব.) আব্দুল মজিদ জানিয়ে দেন, যে বেগম খালেদা জিয়ার চলাফেরায় কোন পুলিশি নিরাপত্তার প্রয়োজন নেই।
এ ঘটনার পর ৬ এপ্রিল ডিএমপি’র প্রটেকশন শাখা থেকে গুলশান থানায় একটি জিডি করা হয়। জিডিতে অভিযোগ করা হয় যে, বেগম খালেদা জিয়া রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার চলাফেরায় পুলিশি নিরাপত্তা প্রয়োজন। কিন্তু তিনি পুলিশি নিরাপত্তা নিতে আগ্রহী নন। এ কারণে তার চলাফেরা কোনভাবে বাধাগ্রস্ত হলে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে।
ডিএমপি’র সদর দফতরের একজন কর্মকর্তা জানান, বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে তার পুলিশি নিরাপত্তা নেয়া উচিত। তার মতন একজন ব্যক্তি যখন-তখন, যেখানে-সেখানে চলাফেরা করতে পারেন না।
