হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ (ইমার্জেন্সি ল্যান্ডিং) করেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। জরুরি অবতরণের পর ৬১ যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে নেমে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
তিনি বলেন, বিমানের ড্যাশ-৮ মডেলের বিজি ৪০২ নম্বর ফ্লাইটটি সিলেট থেকে ঢাকায় আসে। ফ্লাইটটি সিলেট বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই পাইলট বিমানের চাকায় কিছুটা ক্রুটি বুঝতে পারেন। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে ইমার্জেন্সি ল্যান্ডিং পারমিশন চান। বিকাল ৪টা ১০ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। হ্যাঙ্গারে নিয়ে বিমানটির চাকাটি মেরামতের কাজ চলছে। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক জানান, ফ্লাইটটি সিলেট থেকে ঢাকা আসার পর ল্যান্ডিং গিয়ারে সমস্যা হয়। তবে এটি বড় কোনো সমস্যা নয়। গত বছরের মার্চে বেসরকারি ইউএস বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ৫৬ জনের মৃত্যু হয়। এরপর গত এক বছরে আরও কয়েকবার যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজের জরুরি অবতরণের ঘটনা ঘটে।
