আদালতে বিভিন্ন সময়ে ভুল ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। গত ২০ বছর ধরে এফবিআইয়ের পরীক্ষাগার থেকে এ ধরনের শত শত ভুল রিপোর্ট দেয়া হয়েছে। মহাপরিদর্শকের অফিস থেকে পাঠানো রিপোর্টে চুল বিশ্লেষণ ইউনিটের এ সব ভুলের কথা উল্লেখ করা হয়। খবর বিবিসির।
এসব ভুল রিপোর্টের কারণে যে সব মামলা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন সেগুলো সম্পর্কে বিশদ তদন্ত হবে। অন্তত ৬০টি সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে এ ধরনের ত্রুটিপূর্ণ ফরেনসিক রিপোর্ট ব্যবহার করা হয়েছিল। এদের মধ্যে ১৪ জনকে হয় মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল অথবা তারা কারাগারে মারা গিয়েছিলেন। একটি অপরাধ সংঘটনের স্থানে ৩ জন মানুষের উপস্থিতির ভুল তথ্য উপস্থাপন করে এফবিআই এর চুল পরীক্ষাকারী দল। এই ভুল শনাক্তের পর ইউনিটের কাজের ওপর তদন্ত শুরু হয়।
ওয়াশিংটন পোস্টের রিপোর্টে বলা হয়—চুল বিশ্লেষণ ইউনিটের ২৮ জন পরীক্ষকের মধ্যে ২৬ জনই ফরেনসিক শনাক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বাড়িয়ে বলেছেন। আইনজীবীদের একটি সংগঠন ত্রুটিপূর্ণ ফরেনসিক রিপোর্টের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুক্তির জন্য লড়বে বলে জানিয়েছে।
