কে ভালো কাজ করবে বিবেচনায় নিয়ে ভোট দিন

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ০০:৫৭
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরী। নির্বাচনী আমেজ লেগেছে ভোটারদের মনেও। আর নাওয়া-খাওয়া ভুলে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন নগরীর বিভিন্ন প্রান্ত। এতটুকু দম ফেলার ফুরসত যেন তাদের নেই। এই প্রচণ্ড গরমের মধ্যেও হাসিমুখে শুনছেন ভোটারদের কথা, অঙ্গীকার করছেন সমস্যা সমাধানের।
 
মঙ্গলবার সকালেই ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বেরিয়ে পড়েন গণসংযোগে। রাজধানীর কালাচাঁদপুর এলাকায় গণসংযোগের  মধ্য দিয়ে তিনি প্রচারণা শুরু  করেন। এর আগে কালাচাঁদপুর রোডে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচার করা উচিত।
 
আনিসুল হক ভোটারদের উদ্দেশে বলেন, কে ভালো কাজ করতে পারবে তা বিবেচনায় নিয়ে ভোট দিন। যিনি নির্বাচিত হলে এলাকার সমস্যা সমাধানে কাজ করতে পারবেন, এলাকার মানুষের পাশে থাকতে পারবেন তাকেই নির্বাচিত করা উচিত।
 
ঢাকা উত্তরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সবুজ ঢাকা গড়ার চেষ্টা করবো। রাজধানীর পার্কগুলো দখলমুক্ত করবো। এছাড়া উত্তাপ কমিয়ে ঢাকাকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
 

গণসংযোগকালে তিনি এলাকার দোকানে দোকানে গিয়ে তার প্রতীক টেবিল ঘড়ি মার্কায় ভোট চান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগ সমর্থিত ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন (বাবুল), গুলশান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াকিল উদ্দিন প্রমুখ। এরপর তিনি ১৭ নং ওয়ার্ডের খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় গণসংযোগ করেন। বিকালে ১৩ নং ওয়ার্ড মিরপুরে হাজি আশরাফ আলী হাই স্কুল ও মিরপুর ১৪-এ গণসংযোগ করেন।