জমে উঠেছে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে গভীর রাত অবধি প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচণ্ড গরমের মধ্যেও এতটুকু ফুরসত নেই তাদের। যেখানেই যাচ্ছেন, ছোটবড় সবার দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন। করমর্দন করছেন ভোটারদের সাথে, আবার কারো সাথে বুক মেলাচ্ছেন। সেইসাথে ভোটারের মন জয়ে শুনছেন তাদের চাওয়ার কথা, বলছেন সমস্যা মোকাবেলা করে কিভাবে ঢাকাকে সুন্দর করে গড়ে তুলবেন।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বিজিবি ৩ নম্বর গেট থেকে পথসভার মাধ্যমে ১৫তম দিনের প্রচারণা শুরু করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। এ সময় তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে নগরের পিতা নয়, সন্তান হিসেবে আপনাদের আলিঙ্গন করব, শ্রদ্ধা করব।
প্রয়াত মেয়র হানিফের ছেলে ঢাকা দক্ষিণের এ মেয়র প্রার্থী বলেন, আমি ঢাকার ছেলে। ঢাকার মানুষের সুখ-দুঃখ বুঝবো, আপনাদের পাশে দাঁড়াতে পারবো। এছাড়া আমি তরুণ-উদ্যমী, আমিই পারবো বাবার মতো এ ঢাকার প্রভূত উন্নয়ন করতে। এজন্য ইলিশ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন।
সাঈদ খোকন বলেন, জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত ঢাকা দক্ষিণ। আমার বাবা এ সমস্যার অনেকটা সমাধান করেছেন। আমিও আপনাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।
এরপর তিনি নিউমার্কেট এলাকার ২৩, ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। সাঈদ খোকন এলাকার বিভিন্ন দোকানে গিয়ে ভোট চান। এসময় তিনি ভোটারদের কাছে এলাকার সমস্যা সম্পর্কে জানতে চান ও তা সমাধানের আশ্বাস দেন।
সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। তবে বিষয়টি কমিশনের এখতিয়ার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা প্রসঙ্গে আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী বলেন, খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত। তার ওপর কেউ ক্ষুব্ধ হয়ে হামলা করলে, সেটা হামলাকারী আর খালেদা জিয়ার বিষয়। এ সময় তিনি বলেন, আমরা যে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ, সেটা গণতান্ত্রিক শক্তির সঙ্গে অপশক্তির লড়াই। এই যুদ্ধে সবার সহযোগিতা প্রয়োজন।
এদিকে গতকালও সাঈদ খোকনের পক্ষে প্রচারণায় নামেন তার স্ত্রী ফারহানা সাঈদ। গতকাল বিকাল ৪টায় রাজধানীর নাজিরা বাজার হাউজ এলাকায় গণসংযোগ করেন তিনি।
