বিএনপির রাজনীতিকদের অতীত ভিন্ন ভিন্ন দলের সঙ্গে জড়িত :তথ্যমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২৩:০৩

আজ যারা বিএনপির বড় বড় নেতা, তারা আসলে রাজনীতির মাঠের ‘কাক’। ক্ষমতার অবশিষ্টাংশ গ্রহণ করার জন্যই তারা এ দলে ঢুকেছিলেন। তাদের প্রত্যেকের অতীত ভিন্ন ভিন্ন দলের সঙ্গে জড়িত। চট্টগ্রামের যারা নেতা তাদের দল ভিন্ন। আমি নাম বলতে চাই না। কেউ ব্যবসা করতেন, আবার কেউ অন্য দল করতেন। বিভিন্ন দল থেকে রাজনীতির কাকদের নিয়ে যে দল গঠিত হয়েছে সেটির নাম বিএনপি। এ কারণেই তারা নানা রকম কথা বলছে।’

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছিল বিএনপি। বিএনপি যে লজ্জাজনক পরাজয় বরণ করেছে ৩০ ডিসেম্বরের নির্বাচনে, সে কারণে তাদের নেতাদের ওপর কর্মীদের আস্থাহীনতা তৈরি হয়েছে। তারা জনসমর্থনহীন হয়ে পড়েছে। এসব কারণে তারা সিটি নির্বাচনে অংশগ্রহণ করেনি। নির্বাচনে ৩২ শতাংশ ভোটার ভোট দিয়েছে। কোনো জায়গায় কোনো হাঙ্গামা হয়নি, গোলযোগ হয়নি। সব মিলিয়ে যে ভোটার উপস্থিতি, অত্যন্ত সন্তোষজনক বলে মনে করি।