ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' উজ্জ্বল (৩৫) নামে এক ব্যকক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার সাতবাড়িয়া এলাকায় একটি ইটভাটায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহত উজ্জ্বল হত্যাসহ ১১টি মামলার আসামি। মঙ্গলবার মধ্যরাতে ঐ ইটভাটায় উজ্জ্বলের অবস্থানের খবর পেয়ে তাকে ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় উজ্জ্বল ও তার সহযোগীরা পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ সময় সন্ত্রাসীদের গুলিতে এএসআই মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ ও তিনি নিজে আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
