ভূমধ্যসাগর পাড়ি দেয়া অভিবাসী নিয়ে উদ্বিগ্ন বিশ্ব নেতারা

আপডেট : ২২ এপ্রিল ২০১৫, ১৭:২৭
 
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া নৌকার ক্যাপ্টেন এবং এক ক্রুকে আটক করা হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে গত সোমবার তাদেরকে আটক করা হয় বলে ইতালির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে আফ্রিকা থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এত বেশি মানুষ মরিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছেন যে সেটা এখন বিশ্ব নেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
 
গত রবিবার সাগরে নৌকাডুবিতে ইতালিতে প্রবেশ করতে যাওয়া শত শত অবৈধ অভিবাসীর প্রাণহানি ঘটে। এ ঘটনায় ২৭ জনকে উদ্ধার করা হয় এবং ২৪ জনের মৃতদেহ পাওয়া যায়। উদ্ধারকৃতদের সোমবার সিসিলি দ্বীপের ক্যাটানিয়া বন্দরে নিয়ে আসা হয়। এখান থেকে ঐ দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ক্যাপ্টেন তিউনিসিয়ার এবং ক্রু সিরিয়ার নাগরিক বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ইউরোপের দিকে ধেয়ে আসতে থাকা অভিবাসীদের স্রোত নিয়ন্ত্রণ করতে-দশ দফার একটি প্যাকেজ ঘোষণা করেছে ইইউ। সেখানে বলা হয়েছে, ভূমধ্যসাগরে অনুসন্ধান ও উদ্ধার তত্পরতা আরো জোরদার করা হবে এবং নৌপথে মানব পাচারকে নিরুত্সাহিত করতে শুরু করা হবে এক ধরনের প্রচারণা।
 
গত বছর ৩৫ হাজারের বেশি মানুষ উত্তর আফ্রিকা থেকে ইতালিতে প্রবেশ করেছে। এছাড়া নৌকাডুবির ঘটনায় যাদেরকে উদ্ধার করা হয়েছে তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন এখন। এই কেন্দ্রগুলো সরকারি এবং দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় চলে। যারা আঠারো বছরের নীচে, তারা এখানে থাকবেন বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত। আরা যারা বেশি বয়সী তাদের কাজ দেয়ার চেষ্টা করা হয়। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টায় শুধু এ বছরের এপ্রিল পর্যন্তই ১৬শর বেশি অবৈধ অভিবাসী মারা গেছে। এ বছরের ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল মোট সাত দিনে ১৩ হাজারের বেশি মানুষকে নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সংখ্যা অনেক বেশি হওয়ায় এদের বিভিন্ন শহরে ভাগ করে দেয়া হচ্ছে।