গতকাল শুক্রবার টঙ্গীতে সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়েন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন তিনি।
কবির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে প্রাইভেটকারযোগে তিনি গ্রামের বাড়ি ত্রিশালে যাচ্ছিলেন। রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাঁশ পট্টির কাছে তারা ট্রাফিক জ্যামে আটকা পড়লে কিছুক্ষণের মধ্যেই ৫-৬ জনের একটি ছিনতাইকারী দল এসে রাম দা ও চাপাতি দিয়ে প্রথমেই তার গাড়ির ড্রাইভিং সিটের পেছনের জানালার গ্লাস ভেঙে ফেলে। এ সময় ডাকাতরা ফিল্মি কায়দায় তার দুই শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের সব কিছু দিয়ে দিতে বলে। এরপর তার স্ত্রী একে একে সব স্বর্ণালঙ্কার খুলে দিতে বাধ্য হন। ছিনতাইকারীরা নগদ টাকা, আইফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ তাদের সর্বস্ব লুটে নেয়। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে কবির আহমেদ জখম হয়েছেন। ঘটনাটি তাত্ক্ষণিক জিএমপির টঙ্গী পশ্চিম থানার ওসিকে জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে কবির আহমেদ খান অভিযোগ করেছেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইমদাদুল হক জানান, খবর পেয়েই আমি পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ডাকাতদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও কার্যনির্বাহী কমিটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। ডিআরইউ নেতৃবৃন্দ, কবির আহমেদ খান ও তার পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে এ ন্যক্কারজনক হামলায় জড়িতদের বিচার ও ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
