নেতাজির গোপন নথি প্রকাশ করা হবে

সুগত বসুকে ভারতীয় মন্ত্রী রাজনাথের আশ্বাস

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ১২:৪২
 
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে গোপন নথি দেশবাসীর সামনে আসুক, নীতিগতভাবে এমনটাই চায় ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ একথা জানিয়েছেন বলে নেতাজির প্রপৌত্র ও তৃণমুল এমপি সুগত বসুর দাবি। তিনি বলেন, গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাজনাথ। খবর আনন্দবাজার পত্রিকার।
 
সম্প্রতি আইবির প্রকাশিত নথিতে দেখা গেছে স্বাধীনতার পরে দু’দশকেও বেশি সময় ধরে বসু পরিবারের উপরে নজরদারি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। বিষয়টি সংসদে তুলবেন বলে জানিয়েছিলেন সুগত বসু। সংসদের জিরো আওয়ারে তৃণমূল সংসদ সদস্য সুগত এই নিয়ে সরব হন। তিনি বক্তব্য রাখার সময়েই তার কাছে একটি চিরকুট পাঠান রাজনাথ। তাতে লেখা ছিল, স্বররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে এ বিসয়ে তার সঙ্গে কথা বলতে চান। সুগত বসুর বক্তব্য রাখা শেষ হলেই রাজনাথ সংসদে নিজের চেম্বারে গিয়ে বসবেন। রাজনাথের সঙ্গে দেখা করতে যান সুগত। সেখানেই রাজনাথ তাকে বলেন, তিনি ইচ্চা করেই সংসদ অধিবেশনের মধ্যে এ নিয়ে মুখ খোলেননি। কারণ প্রধানমন্ত্রী নিজে বিষয়টিতে আগ্রহী। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে তিনি সংসদে মন্তব্য করতে চাননি। সুগত বসুর দাবি রাজনাথ তাকে বলেছেন, সরকারের ইচ্ছা নেতাজি সংক্রান্ত সব গোপন তথ্য জনগণের সামনে আসুক। তবে সুগত বসুর আশঙ্কা রাজনাথ চাইলেও আমলারা শেষ পর্যন্ত সব নথি প্রকাশে রাজি হবেন না।
 
নজরদারি বিতর্কের পরেই নানা মহল থেকে নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল সামনে আনার দাবি নতুন করে জোরালো হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।