জাতিসংঘের নারী মহাসচিব নির্বাচনের জন্য প্রচারণা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৫, ২২:০০
 
প্রতিষ্ঠার পর ৭০ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্বে কোন নারীকে দেখা যায়নি। এবার সেই ধারাবাহিকতায় ছেদ ঘটাতে চায় একটি নারী অধিকার সংগঠন। মহাসচিব হিসেবে কোন নারীকে নির্বাচিত করার লক্ষ্যে 'ইকুয়ালিটি নাও' নামের সংগঠনটি প্রচারণাও শুরু করে দিয়েছে। খবর- সিএনএনের।
 
২০১৬ সালে জাতিসংঘের মহাসচিব পদের জন্য নির্বাচন হবে। আগামী ২৭ এপ্রিল সংস্থাটির সাধারণ অধিবেশনে নতুন মহাসচিব বাছাই কার্যক্রম শুরু হতে পারে। সে কারণেই আগামী মহাসচিব যেন নারীদের মধ্য থেকে বেছে নেয়া হয়, সে প্রচারণা শুরু করেছে 'ইকুয়ালিটি নাও'।
 
বর্তমানে জাতিসংঘের অষ্টম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বান কি মুন। তিনি ২০০৭ সালে কফি আনানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
 
ট্রিগ ভেলি দিয়ে শুরু করে আট জন পুরুষ মহাসচিব নির্বাচিত হলেও এবার তার ব্যত্যয় চায় সংগঠনটির নারী অধিকার কর্মীরা। এই লক্ষ্যে 'ইক্যুয়ালিটি নাও' বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছে।
 
সংগঠনটির একজন আইনজীবী আন্তোনিয়া ক্রিকল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, 'বিশ্বব্যাপী লিঙ্গ-সমতা আনার ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিব নির্বাচন প্রক্রিয়া আমাদের এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। একে বাস্তব সম্ভাবনায় পরিণত করার মতো আরো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এ জন্য আমরা আশাবাদী।'