মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের হুমকিকে অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি জলবায়ু পরিবর্তনকে আমেরিকার অর্থনীতির জন্যও হুমকি বলে উল্লেখ করেন। বুধবার বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ফ্লোরিডা রাজ্যের এভারগ্লেডস ন্যাশনাল পার্কে ভ্রমণকালে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর ডেইলি মেইল অনলাইনের।
জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক নিয়ে সচেতনতা বাড়াতে এভারগ্লেডসে গেছেন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে উড়িয়ে দেয়ার আর কোনো সুযোগ নেই। আলোচনা থেকে জলবায়ু পরিবর্তনকে বাদ দেয়া যাবে না। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই। প্রেসিডেন্ট ওবামা অঙ্গীকার করে বলেন, যুক্তরাষ্ট্র এই হুমকি মোকাবেলায় বিশ্বে নেতৃত্ব দেবে। ন্যাশনাল পার্কগুলোকে তার কন্যা ও ভবিষ্যত্ প্রজন্মের জন্য অবশ্যই রক্ষা করতে হবে উল্লেখ করে ওবামা বলেন, কার্বন নির্গমন হ্রাস করে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার ক্ষেত্রেও ভূমিকা রাখবে তার প্রশাসন। এদিকে এভারগ্লেডসে সমুদ্র পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে ফ্লোরিডার ৮ হাজার ২শ’ কোটি মার্কিন ডলারের পর্যটন শিল্পের জন্য ঝুঁকি তৈরি হওয়ার প্রেক্ষাপটে ওবামা বলেন, ন্যাশনাল পার্কের জন্য প্রত্যেক করদাতা এক ডলার করে কর দিলে তা অর্থনীতিতে ১০ ডলার হয়ে ফিরে আসবে।
