কথা দিচ্ছি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবো: আনিসুল হক

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ০১:৪১

‘আমাদের দুর্নাম আছে নির্বাচিত হলে আমরা আর জনগণের কাছে আসি না। কিন্তু আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে আমি আপনাদের পাশে থাকবো। আপনারা আমাকে পাবেন।’ গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকার এরশাদ স্কুল মাঠে এক নির্বাচনী পথসভায় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক এ কথা বলেন।

তিনি আরো বলেন, কড়াইল বস্তিসহ অনেক বস্তির সমস্যা রয়েছে। আমি মেয়র নির্বাচিত হলে পুনর্বাসন না করে কড়াইল বস্তির মানুষকে উচ্ছেদ করা হবে না। তারা আমাদের ভাই-বোন। তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের। আওয়ামী লীগ সমর্থিত এ মেয়র প্রার্থী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সমর্থন  দিলেই পাস করা যাবে না, এজন্য আপনাদের ভোট দরকার। আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আজ যেভাবে এসেছি আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি বিজয়ী হলে আপনাদের জন্য কাজ করবো। এ সময় তিনি ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট চান। তিনি বলেন, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। সোনার চামচ মুখে নিয়ে জন্ম?াইনি। আমাকে আপনারা বিশ্বাস করুন। কথা দিচ্ছি, আমার ২৫ বছরের সুনাম নষ্ট করবো না। আপনারা আমাকে পাঁচ বছর কাজ করার সুযোগ দিন। আপনাদের ভোট দেয়ার আগে চিন্তা করতে হবে কাকে ভোট দিলে তিনি আপনাদের পাশে থাকবেন। চিন্তা করে আপনাদের আমানত প্রয়োগ করবেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন, তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী খালেদা আক্তার বিউটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এর আগে সকালে আনিসুল হক রাজধানীর হাজী ক্যাম্প এলাকার মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে বনানী বাজার ও ডিসিসি মার্কেট, বিকালে গুলশান-২ ডিসিসি মার্কেট, তেজগাঁও বিজিপ্রেস এলাকা এবং মিরপুর-১ নম্বরে গণসংযোগ করেন।

গণসংযোগকালে আনিসুল হক ভোটারদের কাছে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ, স্মার্ট, সুশাসিত ও ‘মানবিক উন্নয়নের’ ঢাকা গড়ার অঙ্গীকার করে বলেন, কীভাবে প্রতিকূলতা পরাস্ত করে সম্ভাবনা কাজে লাগাতে হয় তা আমি জানি। জীবন থেকে অর্জিত সব অভিজ্ঞতা আমি সিটি করপোরেশনের উন্নয়নে কাজে লাগাতে চাই। উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।