আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী জরিপে ডেমোক্র্যাট দলে হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলে মার্কো রুবিও এগিয়ে আছেন। দেশটির কুইন্নিপ্যাক ইউনিভার্সিটি পরিচালিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। খবর এনডিটিভি’র।
জরিপে পাওয়া তথ্যে দেখা যায়, হিলারি ক্লিনটন ডেমোক্র্যাটদের ৬০ শতাংশ সমর্থন পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন মাত্র ১০ শতাংশ সমর্থন। এই প্রথম হিলারি ক্লিনটন তার দলের এত বেশি সমর্থন পেলেন। তার সমর্থকরাও এতে বেশ খুশি। কারণ এর আগে ২০০৮ সালে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে মনোনয়ন দৌঁড়ে হেরেছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি। তবে তার উদ্বেগের বিষয় এই যে, জরিপে দেখা গেছে অর্ধেকের বেশি ভোটার হিলারির প্রতি আস্থা রাখতে পারছেন না। রিপাবলিকান দল থেকে অনেকেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও পেয়েছেন ১৫ শতাংশ ভোট। আর জেব বুশ পেয়েছেন ১৩ শতাংশ ভোট। গত ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে নিবন্ধিত ১ হাজার ৩৫৩ জন ভোটারের মধ্যে এই জরিপ চালানো হয়।
