মাওয়ের ছবিতে কালি, অতঃপর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ০২:০৬

চীনের রাজধানী বেইজিংয়ে মাও সেতুংয়ের বিখ্যাত একটি ছবিতে কালি ছিটানোর দায়ে এক ব্যক্তির চৌদ্দ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বেইজিংয়ে তিয়েন আনমেন স্কয়ারে মাওয়ের ওই বিখ্যাত ছবিটি দেখতে  প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক আসেন।

 

ওই ছবিটির সামনে দাঁড়িয়ে সেলফি তোলাও ইদানিং খুবই জনপ্রিয়। চীনের সংবাদমাধ্যম জানাচ্ছে, গত বছর যখন বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন চলছিল তখনই ওই ছবিটিতে কালি ছিটানোর ঘটনাটি ঘটে। সুন বিং নামে এক ব্যক্তি আচমকা ছবিটির ওপর কালি ঢেলে মাওয়ের মুখটি বিকৃত করে দেন বলে চীনা মিডিয়ায় রিপোর্ট করা হয়। তবে তখন তার নাম প্রকাশ করা হয়নি। ওই ঘটনার বিচার শেষে এতদিনে চীনের একটি আদালত সুন বিংকে চৌদ্দ মাসের জেলের সাজা দিয়েছে। আর তারপরই তার নামটি প্রকাশ পেয়েছে। ১৯৪৯ সালে চীনে বিপ্লবে নেতৃত্ব দিয়ে মাও যখন সে দেশে কমিউনিস্টদের ক্ষমতায় এনেছিলেন, তখন থেকেই তার প্রকাণ্ড ছবিটি তিয়েন আনমেন স্কয়ারের সামনে টাঙ্গানো আছে। -বিবিসি