ড্রোন হামলায় ইতালীয় ও মার্কিন নাগরিকের মৃত্যুতে ওবামার ক্ষমা প্রার্থনা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৫, ১৬:৪১
যুক্তরাষ্ট্র আল কায়েদার আস্তানায় চালানো এক ড্রোন হামলায় ভুল করে নিজেদের এক নাগরিকসহ ইতালীয় এক নাগরিককে হত্যা করেছে।
 
গত জানুয়ারিতে সংঘটিত অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য বৃহস্পতিবার বারাক ওবামা ক্ষমা চেয়ে সন্ত্রাসবিরোধী অভিযানের ‘সব দায়’ স্বীকার করেছেন। 
 
এ বিষয়ে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘যা ঘটেছে এর জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি। যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষ থেকে আমি ওই পরিবারগুলোর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’
 
জানুয়ারির ওই হামলার নিহতরা ছিলেন ত্রাণকর্মী। এদের মধ্যে মার্কিন নাগরিক ওয়ারেন উইনস্টেইনকে ২০১১ সাল থেকে জিম্মি করে রেখেছিল আল কায়েদা। ইতালীয় নাগরিক জিওভান্নি লো পোর্তো ২০১২ সালে পাকিস্তান থেকে নিখোঁজ হন। এরা ছাড়া ওই ড্রোন হামলায় আল কায়েদা নেতা মার্কিন নাগরিক আহমেদ ফারুকও নিহত হন বলে জানান যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এ হামলার পাঁচদিনের মাথায় অপর এক ড্রোন হামলায় আল কায়েদার সদস্য আরেক মার্কিন নাগরিক অ্যাডাম গাডান নিহত হন।
 
এ ড্রোন হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য ভুক্তভোগী দেশগুলো (পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেন) ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছিল।