যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এটর্নী জেনারেল হতে যাচ্ছেন লরেত্তা লিঞ্চ। মার্কিন সিনেট তাকে এ পদে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করে। খবর বিবিসির।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে লিঞ্চই প্রথম নারী যে এই পদটি পেতে যাচ্ছেন। সিনেটে ৫৬-৪৩ ভোটে বিলটি পাস করা হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক অভিবাসন সংস্কার বিল এবং অন্যান্য ইস্যু নিয়ে বিতর্ক থাকার কারণে দীর্ঘ ৫ মাস পর এ পদটির নির্ধারণ নিয়ে জটিলতা কাটলো।
প্রেসিডেন্ট বারাক ওবামা লিঞ্চকে স্বাগত জানিয়ে বলেছেন, এতে আমেরিকারই ভাল হলো। এরিক হোল্ডারের জায়গায় স্থলাভিষিক্ত হবেন তিনি। ওবামার প্রেসিডেন্ট হওয়ার শুরু থেকেই এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন এরিক।
সোমবার মার্কিন বিচার বিভাগের প্রধান হিসেবে লিঞ্চকে দায়িত্ব অর্পন করা হবে বলে ধারণা করা হচ্ছে। তাকে মনোনীত করার বিষয়টি নিশ্চিত হওয়ার আগে লিঞ্চ প্যানেলকে জানান, যদি তিনি এ পদের দায়িত্ব পান তাহলে সন্ত্রাসী হুমকি মোকাবিলা, সাইবার অপরাধ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আইন প্রয়োগকারী সংস্থার সম্পর্ক উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। লিঞ্চ নর্থ ক্যারোলিনার অধিবাসী। সম্প্রতি তিনি নিউ ইয়র্কের পূর্বাঞ্চলীয় একটি জেলার এটর্নী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে ১৯৯৩ থেকে ২০০১ পর্যন্ত জেনেট রেনো যুক্তরাষ্ট্রের প্রথম নারী এটর্নী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
