বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত দেশব্যাপী উত্কর্ষ কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের বই পড়ে উচ্চতর মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গতকাল শুক্রবার নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২০১৮ শিক্ষাবর্ষের স্কুল ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উত্সবে তিনি এ আহ্বান জানান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ আমন্ত্রিত অতিথিরা দিনব্যাপী দু’পর্বের উত্সব উদ্বোধন করেন। শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক সায়ীদ বলেন, মানুষ দুই রকম। উচ্চতর আর নিম্নতর। তোমরা নিশ্চয়ই উচ্চতর মানুষ হতে চাও, যার নাম আমরা দিয়েছি আলোকিত মানুষ। বই পাঠ মানুষকে আলোকিত করে। শুভেচ্ছা বক্তব্যে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশ প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাঙালি জাতি হিসেবে আমরা গর্ববোধ করি। আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা যাতে আলোকিত মানুষ হতে পারে, সেজন্য সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি বেশি বেশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে লালদিঘীর পাড়ে স্থায়ী রূপ নিতে যাওয়া চসিক লাইব্রেরি ভবনে বিশ্বসাহিত্য কেন্দ্রের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে দেয়ার ঘোষণাও দেন মেয়র।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিশু সাহিত্যিক আলী ইমাম, গ্রামীণফোন চট্টগ্রাম অঞ্চলের রিজিওনাল হেড অব অপারেশনস ফিরোজ উদ্দিন প্রমুখ। সবশষে নগরীর ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ২১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাহেদুল কবির চৌধুরী, সাহিত্যিক অরুণ শীল, বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগরীর সংগঠক অধ্যাপক আলেক্স আলীম উপস্থিত ছিলেন।
