বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী একটি বাস ও মাছের পোনাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার দুপুরে উপজেলার ফলতিতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপের যাত্রী। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
নিহতরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের ফটিক দাসের দুই ছেলে নীল কমল দাস (৪৫) ও বলরাম দাস (৩৫), তাদের ভাগ্নে শ্যাম দাস (৩০) ও পানু দাস (৫৫) এবং পিক আপ চালক অজ্ঞাত (৪০)।
ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করে দিলে আবারও যান চলাচল শুরু হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনিছুর রহমান পাঁচজন নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ ফলতিতা বাজারের কাছে খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘টুঙ্গিপাড়া পরিবহন এবং গোপালগঞ্জ থেকে ফকিরহাটগামী মাছের পোনা বোঝাই পিক আপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিক আপের যাত্রী। এদের মধ্যে চালক ছাড়া বাকি সবার নাম পরিচয় জানা গেছে।
পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহায়তায় নিহতদের লাশ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, নিহতরা সাদা মাছের পোনা ববসায়ী। তারা গোপালগঞ্জ থেকে মাছের পোনা কিনে ফকিরহাটে আসছিলেন। বাস চালক পালিয়ে গেছে।
