চলতি সপ্তাহেও রাজধানীতে দাম বেড়েছে ব্রয়লার মুরগির। প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে রসুন ও সবজি। তবে দাম কমেছে ডিমের।
গতকাল শুক্রবার রাজধানীর কাওরানবাজার ও শান্তিনগর বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমেছে। এতে সবজির দাম কিছুটা বেড়েছে। এর প্রভাব পড়েছে মাছ-মাংসের বাজারে।
উল্লেখ্য, গত সপ্তাহেও কেজিতে ৫ টাকা দাম বাড়ে ব্রয়লার মুরগির। তবে আগের দরেই লেয়ার মুরগি ১৯৫ থেকে ২০৫ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকা। তবে ডিমের দাম হালিতে ২ টাকা কমে ৩২ থেকে ৩৪ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কমায় সবজির দাম বেড়েছে। সবজিভেদে কোন কোন সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।
গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, শালগম, পেঁপে ২০ থেকে ২৫ টাকা, বিচিসহ শিম ৩০ থেকে ৩৫ টাকা, বিচিছাড়া ২০ টাকা, বরবটি, পটল ৬০ থেকে ৭০ টাকা, করল্লা ৫০ থেকে ৬০ টাকা, পাকা টমেটো ২৫ থেকে ৩০ টাকা, কচুর লতি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি ফুলকপি, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া দেশি পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকায়। দাম বেড়েছে রসুনের। কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।
এদিকে গত সপ্তাহেও মাছের দাম বাড়তি ছিল। গতকাল বাজারে ৬শ থেকে ৭শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৬শ থেকে ৭শ টাকা কেজিতে। এছাড়া ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৩শ থেকে ১ হাজার ৪শ টাকায়। অন্যান্য মাছের মধ্যে পাঙাশ ১৫০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ২২০ টাকা, রুই ২৬০ থেকে ৩৫০ টাকা, কাতল ২৮০ থেকে ৪০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকা, শিং ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
