গাজায় ফের ইসরাইলের ট্যাংক হামলা শুরু

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ০১:২৫

ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো ট্যাঙ্ক হামলা চালিয়েছে। ফিলিস্তিন এলাকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা সেখানে এ হামলা চালায় বলে দাবি করেছে ইসরাইল। গতকাল শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী একথা জানায়। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা গাজা উপত্যকার উত্তরে ‘সন্ত্রাসীদের অবস্থান’ লক্ষ্যকরে রাতে হামলা চালায়। খবর এএফপির।

 
গাজার জরুরী সেবা সংস্থার মুখপাত্র জানান, সেখানে ইসরাইলি সামরিক বাহিনীর এ হামলায় কেউ আহত হয়নি। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে চালানো রকেট হামলার জবাবে সেখানে তাদের ট্যাঙ্ক হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। রকেট হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বাজানো হয়। তবে এতে কেউ আহত হয়নি।
 
আন্ত:সীমান্ত রকেট হামলা বন্ধের লক্ষ্য নিয়ে ইসরাইল গত গ্রীষ্মে গাজায় কার্যত ক্ষমতায় থাকা হামাসের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ৫০ দিনের ওই সংঘাতে ২ হাজার ১৪০ জন ফিলিস্তিনি এবং ৭৩ জন ইসরাইলি নাগরিক নিহত হয়। উল্লেখ্য, ফিলিস্তিনি নাগরিকদের অধিকাংশ বেসামরিক নাগরিক এবং ইসরাইলিদের বেশীর ভাগই সৈন্য ছিল।
 
গত ২৬ আগস্ট অস্ত্র বিরতি কার্যকরের পর গত ডিসেম্বর মাসে ইসরাইলি সামরিক বাহিনী প্রথমবারের মতো গাজা উপত্যকায় বিমান হামলা চালায়। গাজা উপত্যকা থেকে ইসরাইলি ভূ-খন্ডে রকেট হামলা চালানোর পর তারা এ বিমান হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এসব হামলায় কোন পক্ষের কেউ আহত হয়নি।
 

ইসরাইল অভিযোগ করেছে, তারা গাজায় হামলা বন্ধ করার পরেও হামাস এ পর্যন্ত অগণিতবার উসকানি দিয়েছে আবার হামলা চালানোর জন্য। কিছুদিন পরপর তারা ইসরাইলের অভ্যন্তরে রকেট ছুড়ে মারে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও জনগণের মনে আতঙ্ক তৈরী হয়। তাদের এই হামলার জবাব দিতে গেলেই আন্তর্জাতিক মহল শোরগোল তোলে বলে ইসরাইল মন্তব্য করেছে। দেশটির পক্ষ থেকে আরো দাবি করা হয়, ২০১৪ সালের আগস্টে যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে তারা এ পর্যন্ত একবারও হামাসের অবস্থানে গোলাবর্ষণ করেনি। তবে এভাবে রকেট হামলা চালিয়ে উত্তেজনা সৃষ্টি করলে পাল্টা জবাব দেয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয়।