পাকিস্তানে গুলিতে নারী মানবাধিকারকর্মী নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০১৫, ১৩:৪৩
 
পাকিস্তানের করাচিতে গুলিতে শীর্ষস্থানীয় এক নারী মানবাধিকারকর্মী নিহত হয়েছেন। শনিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, সাবিন মেহমুদ নামে ঐ মানবাধিকারকর্মী ‘দ্য সেকেন্ড ফ্লোর’ নামে একটি সংগঠনের পরিচালক ছিলেন। বেলুচিস্তান প্রদেশে একটি অনুষ্ঠানে যোগদান থেকে ফেরার সময় তিনি হামলার শিকার হন। গাড়িতে করে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে করে বন্দুকধারীরা তার ওপর হামলা চালায়। এসময় তার মা সাবিনের সাথে ছিলেন। তিনিও আহত হয়েছেন।
 
দ্য সেকেন্ড ফ্লোর প্রতিষ্ঠানটি ‘টি২এফ’ নামে পরিচিত। এটি একটি ক্যাফে ও বইয়ের দোকান পরিচালনা করে। সেখানে করাচির মানবাধিকারকর্মীরা ও শিক্ষার্থীরা আলোচনা করে থাকেন।
 
পাকিস্তানের পত্রিকা ডন জানিয়েছে, সাবিনকে পাঁচবার গুলি করা হয়েছে। হাসাপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সাবিনের মা হাসাপাতালে চিকিত্সাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।