বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে উস্কানি দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছেন। পেট্রোল বোমা মেরে যারা মানুষ মারে তাদের এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
শনিবার দুপুরে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গত তিনমাস ধরে খালেদা জিয়াসহ ২০দলীয় জোট পরীক্ষার সময় হরতাল-অবরোধ করে শিক্ষার্থীদের প্রতি কোন সহানুভূতি দেখাননি। তবে বছরের প্রথমেই শিক্ষার্থীরা হাতে বই পাওয়ায় ঘরে বসে পড়াশোনা করায় তেমন কোন ক্ষতি হয়নি। এই সরকারের আমলে যে কোন পাবলিক পরীক্ষার ফলাফলের দিকে তাকালে দেখা যায় শিক্ষার্থীরা অনেক এগিয়ে গেছে।
তিনি বলেন, শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা, বাড়িভাড়া বৃদ্ধিসহ স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে এবং আলাদা নিয়োগ বিধি তৈরি করা হবে।
নড়াইল-২ আসনের এমপি অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আ. গাফফার খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা শিক্ষা অফিসার কিশোর মোহন সরকার, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার দাস। সভা শেষে তিনি বিজয়ী ও জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন। এর আগে স্কুলের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে তোলে।
১৯০২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীকরণ ও নবগঙ্গা নদী পুনঃখনন সহ পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান বক্তারা।
বিকেলে মন্ত্রী রাশেদ খান মেনন আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখার আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
