মির্জা আব্বাসের পক্ষে স্ত্রীর প্রচারণা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ০০:৪৮

ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের প্রতীক ‘মগ-এর জোয়ার শুরু হয়েছে বলে মনে করছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। গতকাল শনিবার সকালে পুরান ঢাকার মীর হাজিরবাগ এলাকায় ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক থেকে শুরু করে মীর হাজিরবাগ, তামিরুল মিল্লাত মাদ্রসাসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেন তিনি।

 
সকাল সাড়ে ৯টার দিকে আফরোজা আব্বাস প্রচারণা শুরু করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ কিছুক্ষণ তাদের সঙ্গে ছিলেন। আরো ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাপ্তাহিক জয়যাত্রার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, এরফানুল হক নাহিদ, কবি রফিক লিটন, কাউন্সিলর প্রার্থী রাশেদা আক্তার রানী প্রমুখ।
 
এমাজউদ্দীন আহমদ বলেন, উত্সবমুখর পরিবেশে ভোটগ্রহণের আয়োজনে নির্বাচন কমিশন বরাবরের মতো ব্যর্থ হচ্ছে। তারা ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করার দিকেই অগ্রসর হচ্ছে। সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নামে তারা ভোটারদের সঙ্গে চরম তামাশা করছে। অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক পরিবেশ সৃষ্টির জন্য মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন জরুরি মন্তব্য করে তিনি বলেন, প্রতিদিন আমাদের কাউন্সিলর প্রার্থী ও কর্মীদের অকারণে গ্রেফতার করা হচ্ছে। পুলিশও ভয়ভীতি দেখাচ্ছে। এমাজউদ্দীন বলেন, সরকার দায়-দায়িত্ব না নিয়ে কাজ করার কারণে যদি সেটা হয়, তার জন্য সরকারই দায়ী থাকবে। সরকারের ‘অত্যন্ত অনুগত’ নির্বাচন কমিশন দায়ী থাকবে।