সেনা নিয়োগ নিয়ে ইসি খারাপ নজির সৃষ্টি করল-গণসংযোগকালে তাবিথ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ০০:৫১

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তরের বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নাগরিকদের যারা বোকা ভাবছেন তারা ভুল করছেন। তারা এখন অনেক সচেতন। তাই অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা বাস মার্কায় ভোট দিবেন। তিনি আরো বলেন, নির্বাচনে সেনা নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) খারাপ নজির সৃষ্টি করেছে।

গতকাল রাজধানীতে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুপুরে তিনি মালিবাগ থেকে প্রচারণা শুরু করেন। এরপর মগবাজার ওয়ারলেস গেট হয়ে তেজগাঁও ক্যাথলিক চার্চ  পরিদর্শন (হলিক্রস স্কুলের পাশে) করেন। বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিন সুপার মার্কেটের সামনে থেকে গণসংযোগ চালান তাবিথ আউয়াল। প্রচারণাকালে রানা প্লাজা প্রসঙ্গে তাবিথ সরকারের ভূমিকার সমালোচনা করে বলেন, সরকারের তহবিলে পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও ক্ষতিপূরণের অর্থ সঠিকভাবে বন্টন না করায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।