আসন্ন তিনটি সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত হবে বলে প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার ইইউ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে আবারো যাতে সহিংসতার বিস্তার না ঘটে সেজন্য সকল পক্ষকে সংযত আচরণ করতে হবে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয় সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ভোটারদের স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ দিতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উন্নয়নে সব পক্ষের সহিংসতার অবসান ও উত্তেজনা প্রশমনে সুনির্দিষ্ট পদক্ষেপের পাশাপাশি গঠনমূলক আচরণ করা দরকার।
