পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ০২:২৫
পঞ্চগড়ের ঘাগড়া বিওপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিউল হক (৩৫) নামের এক বাংলাদেশি গরু চোরাকারবারি নিহত হয়েছে। গতকাল শনিবার ভোরে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বিজিবি’র ঘাগড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৫০ এর ১৩ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
 

নিহত সামিউল হক জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের সমিজ উদ্দীনের ছেলে। হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিমউদ্দীন জানান, শনিবার ভোরে ঘাগড়া সীমান্ত দিয়ে একদল গরু চোরাকারবারির সাথে সামিউল হক ভারতের বেরুবাড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন মমিনপাড়া সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ  তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে সামিউল  আহত হন। সাথে থাকা অন্য চোরাকারবারিরা তাকে উদ্ধার করে বাংলাদেশে এনে গোপনে চিকিত্সার ব্যবস্থা করার সময় তার মৃত্যু হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আরিফুল হক বিএসএফের গুলিতে সামিউল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।