ভূমিকম্পে এভারেস্টে তুষারধসে পর্বতারোহীদের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১২:১৮
 
ভূমিকম্পের পর শনিবার মাউন্ট এভারেস্টে ১৮টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনীর পর্বতারোহীদের একটি দল। একজন সেনা মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর: রয়টার্সের।
 
নেপালের পর্যটন মন্ত্রণালয় ১০ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে। কিন্তু মুখপাত্র জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কেননা, তুষারধসের কারণে এভারেস্টের বেসক্যাম্পের একাংশ চাপা পড়ে গেছে। সেখানে দুইটি তাবু আহত আরোহীতে ভরে গেছে।
 
নিহতদের মধ্যে ড্যান ফ্রেডিনবার্গ নামে গুগলের একজন কর্মকর্তা রয়েছেন। মাথায় আঘাত গেলে তিনি মারা যান।
 
পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের সময় বেসক্যাম্প ও এভারেস্টে অন্তত এক হাজার পর্বতারোহী ছিলেন। এর মধ্যে ৪০০ জন বিদেশি।
 
এভারেস্টের আট হাজার ৮৫০ মিটার উচ্চতায় ওঠার জন্য এপ্রিল মাসটিকে সবচেয়ে জনপ্রিয় সময় হিসেবে বিবেচনা করা হয়। কেননা, মে মাসের শেষের দিকে বৃষ্টিপাত ও মেঘ জমতে থাকে। প্রায় এক বছর আগে তুষার ধসে ১৬জন নেপালি গাইড মারা গেছেন।
 
নেপালের ৮০ বছরের ইতিহাসে শনিবার ৭ দশমিক ৯ মাত্রার ভূতিকম্প আঘাত হানে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। নেপাল ছাড়াও ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারত ও বাংলাদেশেও।