তরমুজ খেয়ে ১৭ মাদ্রাসা ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৫:০৭
বগুড়ায় তরমুজ খেয়ে একটি বালিকা হাফেজি মাদ্রাসার ১৭ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে । রবিবার সকালে তাদেরকে স্থানীয় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের পুরান বগুড়ায় অবস্থিত খাতুনে জান্নাত বালিকা হাফেজি  মাদ্রাসার এক ছাত্রীর দাদী শনিবার বিকেলে একটি তরমুজ কিনে মাদ্রাসায় দিয়ে যান। মাদ্রাসার ছাত্রীরা রাতে তরমুজটি খায়। এর পরপরই ছাত্রীদের পেটে ব্যথা অনুভূত হতে থাকে। একপর্যায়ে ডায়ারিয়া শুরু হয়। অবস্থা বেগতিক দেখতে পেয়ে রবিবার সকালে ১৭ জন ছাত্রীকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে মাদ্রাসা কর্তৃপক্ষ ।
 
খাতুনে জান্নাত হাফেজি মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল্লাহ জানান, ১৭ জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করানোর পর দুইজন সুস্থ্ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে। বাকি ১৫ জনের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। সন্ধ্যার আগেই তাদের হাসপাতাল থেকে মাদ্রাসায় ফিরিয়ে নেয়া সম্ভব হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।