করাচিতে নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ২৬ এপ্রিল ২০১৫, ১৯:০৩
 
পাকিস্তানের করাচিতে দেশটির শীর্ষস্থানীয় এক নারী মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বেলুচিস্তান প্রদেশে গুম ও নির্যাতনের নিয়ে এক সেমিনার থেকে বের হওয়ার পর সাবিন মাহমুদ নামের ওই মানবাধিকার কর্মীকে গুলি করে হত্যা করা হয়। খবর- এএফপির।

শনিবার তার মা’র সঙ্গে বাড়িতে যাওয়ার সময় সাবিন মাহমুদ বন্দুক হামলার শিকার হন। এর আগেও তাকে একাধিক বার হত্যার হুমকি দেয়া হয়েছিল। সাবিন মাহমুদের হত্যার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
 
সাবিন মাহমুদ দাতব্য প্রতিষ্ঠান দ্য সেকেন্ড ফ্লোরের একজন পরিচালক ছিলেন। প্রতিষ্ঠানটি টি২এফ নামেও পরিচিত। টি২এফ মানবাধিকার বিষয়ে নিয়মিত সেমিনার করে থাকে। সেখানে একটি ক্যাফে ও একটি বইয়ের দোকান রয়েছে। করাচির মানবাধিকার কর্মী ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকে।

বেলুচিস্তানে গুম ও নির্যাতন নিয়ে সেমিনারটি টি২এফে অনুষ্ঠিত হয়। লাহোর বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা বাতিল করায় এটি সেখানে অনুষ্ঠিত হয়।
 
সেমিনার থেকে বেরিয়ে আসার পরপরই সাবিন ও তার মা বন্দুক হামলার শিকার হন। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।