‘সবজি দোকানের পাশেই ফরমালিন পরীক্ষা করার বুথ। ক্রেতা চাইলেই কেনার আগে কিংবা পরে এখান থেকে তা পরীক্ষা করে নিতে পারবেন। ঠিক তার উল্টো দিকে ওয়াই-ফাই বাসস্ট্যান্ড। আছে নার্সারি। ঢাকাকে নিরাপদ রাখতে সিসিটিভি কেন্দ্রও রয়েছে, যেখানে পুলিশ বসে আছে। কাছেই রয়েছে স্বাস্থ্যকর পাবলিক টয়লেট।’
এই হলো ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী আনিসুল হকের ‘সচল ঢাকার’ এক টুকরো চিত্র। গতকাল রবিবার রাজধানীর মিরপুরের ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক উত্তর ঢাকার এমন ডেমো তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আনিসুল হক দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি মনে করি বয়স, অভিজ্ঞতা, সততা এসব কিছুর পরিমাপে আমিই যোগ্য প্রার্থী। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ঢাকাকে সবুজ, নিরাপদ, স্বাস্থ্যকর ও সুশাসিত করার তিন বছর মেয়াদি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। আমি মনে করি, আগামী তিন বছরে ঢাকা শহরে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, তরুণদের উপযোগী করে গড়ে তোলা হবে ঢাকাকে। এছাড়া এই নগরে থাকবে গরিবদের অগ্রাধিকার। সংবাদ সম্মেলনে সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
আনিসুল হক বলেন, স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়নে অগ্রসরমাণতা প্রতিবেদন প্রতি বছর প্রকাশ করা হবে। যাতে সাফল্য বা ব্যর্থতা নিয়ে নাগরিকদের কাছে স্বচ্ছ থাকতে পারি। এছাড়া রাজনৈতিক সংস্কৃতি এবং ঢাকাকে বদলাতে হলে পরিচ্ছন্ন, কর্মমুখী দৃষ্টিভঙ্গি ও আচরণ প্রয়োজন বলেও তিনি জানান।
পথসভা শেষে আনিসুল হক খোলা ট্রাকে করে উত্তরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচারণা চালান। তার সঙ্গে ছিলেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ। তারা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
মহাখালী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে আনিসুল হকের গাড়িবহর মিরপুর, উত্তরা, পল্লবীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড পরিদর্শন করে। প্রচারণাকালে আনিসুল হক স্থানীয় ভোটারদের সাথে কথা বলেন। তাদের এলাকার সমস্যার কথা জানতে চান ও সমাধানের আশ্বাস দেন। আনিসুল হক ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে ‘টেবিল ঘড়ি’ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আপনাদের সবুজ, নিরাপদ ও মানবিক ঢাকা উপহার দেব।