ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেরি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৫, ১২:০৮
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি নিউইয়র্কে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইরানের জরুরি পরমাণু চুক্তি নিয়ে দুইপক্ষের দীর্ঘ আলোচনার পর এই প্রথম উভয়ে বৈঠকে বসতে যাচ্ছেন।
 
মার্কিন পররাষ্ট্রদফতরের সিনিয়র একজন কর্মকর্তা রবিবার জানান, জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বিষয়ক ২০১৫ সালের সম্মেলনের ফাঁকে কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে কেরির বক্তব্য দেয়ার কথা রয়েছে।
 
কর্মকর্তা আরো জানান, এছাড়া জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহ ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গেও তার পৃথক বৈঠকের কথা রয়েছে।