ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রবাসী যুবক নিহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল প্রায় ৯টার দিকে উপজেলার পাকশিমূল ইউনিয়নের হরিপুর গ্রামের হাজী আকবর আলীর পুত্র সৌদি প্রবাসী জাকির হোসেনসহ (৩২) ৫/৬জন পার্শ্ববর্তী সাতবাড়িয়া গ্রামে বিলের মধ্যে জমির ধান কাটতে যায়। ওই সময় প্রতিপক্ষ সাতবাড়িয়া গ্রামের খোরশেদ মিয়া, হিরণ মিয়ার নেতৃত্বে একদকল দাঙ্গাবাজ দা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়।
প্রতিপক্ষের দাঙ্গাবাজরা তার মুখে বল্লম দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত ৫জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা দেয়া হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, হামলার ঘটনায় দুই দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
