যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে অবরুদ্ধ কর্মকর্তাদের রক্ষায় কর্তৃপক্ষ সোমবার হাজার হাজার পুলিশ ও ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছে। পুলিশের বর্বরতায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ফেটে পড়ার পর দাঙ্গা ছড়িয়ে পড়লে নিরাপত্তা বাহিনী মোতায়েনের এ নির্দেশ দেয়া হয়।
এ মাসের গোঁড়ার দিকে গ্রেফতারকালে মেরুদণ্ডে মারাত্মক আঘাত পেয়ে মারা যাওয়া এক কৃষ্ণাঙ্গের শেষকৃত্যানুষ্ঠানের পর বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা স্থানীয় বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
পুলিশ জানায়, ২৫ বছর বয়সী ফ্রেডি গ্রে’র পরিবারের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আহবান জানানো সত্ত্বেও মূলত আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান তরুণরা রাজপথে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে সংঘর্ষে ১৫ পুলিশ সদস্য আহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২৭ জনকে আটক করে।
এ অবস্থায় মেরিল্যান্ড রাজ্যের এই বন্দর শহরটিতে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং দোকানপাট লুটপাট ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর পরই সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
বাল্টিমোরের মেয়র স্টিফানি রাওলিং-ব্লেক সকলকে শান্ত থাকার আহ্বান জানানোর পরও দাঙ্গা না থামায় মঙ্গলবার রাত ১০টা থেকে শহরটিতে কারফিউ জারি করা হয়।
মেরিল্যান্ড পুলিশ সুপারিন্টেনডেন্ট কর্নেল উইলিয়াম পালোজি জানান, তিনি নগরীতে ৫শ’ পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং মিড-আটলান্টিক সীমান্ত অঞ্চল থেকে আরো ৫ হাজার পুলিশ চেয়েছেন।
এদিকে ন্যাশনাল গার্ড কমান্ডার অ্যাডজুটেন্ট জেনারেল লিন্ডা সিং জানান, তিনি ৫ হাজার সৈন্য প্রস্তুত রেখেছেন। জন নিরাপত্তা ও সম্পদ রক্ষার প্রয়োজনে তাদের মোতায়েন করা হবে। সূত্র: এএফপি
