বালি নাইন ঘটনায় মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্তদের সাথে দেখা করলো পরিবার

আপডেট : ২৮ এপ্রিল ২০১৫, ২২:১০
 
ইন্দোনেশিয়ার নুসাকামবাগান দ্বীপে মাদক পাচারকারী দুই অস্ট্রেলীয় নাগরিকের সাথে শেষবারের মত কারাগারে দেখা করতে গেছে তাদের পরিবার। এসময় সাংবাদিকরা পথিমধ্যে তাদেরকে ঘেরাও করে ফেলে। মঙ্গলবার রাতে বালি নাইন ঘটনায় দোষী সাব্যস্ত এই দুই অপরাধীকে গুলি করে মৃত্যদণ্ড কার্যকর করার কথা জানা গেছে।
 
এদিন সিলাক্যাপ বন্দর থেকে কারাগারে যাওয়ার পথে এ্যান্ড্রু চ্যান এবং মায়ুরান সুকুমারার পরিবারকে সাংবাদিকরা ঘিরে ফেলে। পুলিশ লোকজনের এ ভীড় থেকে তাদের পরিবার ও আত্মীয়-স্বজনকে উদ্ধার করে। এসময় সুকুমারার বোন একেবারে ভেঙ্গে পড়লে তাকে নিয়ে যাওয়া হয়। আরো ৭ জনের সাথে চ্যান ও সুকুমারাকে মঙ্গলবার রাতে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে দণ্ড কার্যকর করা হবে বলে জানা গেছে।
 
দেশটির আইন অনুযায়ী অপরাধীদের হত্যার আদেশ দেওয়ার ৭২ ঘণ্টা আগে নোটিস দিতে হয়। সে অনুযায়ী গত শনিবার তাদেরকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ দেওয়া হয়েছে।
 
এদিকে চ্যানের মা হেলেন কান্নায় ভেঙ্গে পড়েন। তার পরিবারের অন্যান্য সদস্যরা ‘ক্ষমা করো’ বলতে বলতে চিত্কার করতে থাকেন। এদিকে সোমবার কারাগার থেকেই চ্যান তার প্রেমিকা ফেবিয়ান্তি হেয়ারয়িলাকে বিয়ে করেন। ফেবিয়ান্তির ভাই জানান, এটা একইসাথে একটি কঠিন সময় এবং সুখ মুহুর্ত ছিল। তিনি দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোকে পুরো বিষয়টি ক্ষমাশীল দৃষ্টিতে দেখার জন্য আবেদন জানান। এর আগে এ দুর্নীতির তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সাজা কার্যকর না করার আহ্বান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় ৮.৩ কেজি হিরোইন পাচারের চেষ্টা চালানোর অপরাধে ২০০৫ সালে চ্যান ও সুকুমারাসহ আরো ৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। সূত্র: বিবিসি